প্রকাশিত: Sun, Jul 2, 2023 4:56 PM
আপডেট: Thu, Jun 4, 2026 9:54 PM

[১]বিএনপি সংলাপে বসতে রাজি থাকলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তবে আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। 

[৩] রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

[৪] বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি ফখরুলকে জিজ্ঞাসা করেন; তারা সংলাপ করতে রাজি আছে কিনা? এরপর আমরা বিবেচনা করব। কারণ আমাদের প্রেসিডেন্ট একবার ডেকেছিলেন, নির্বাচন কমিশন দুইবার তাদের ডেকেছে। তারা আসেনি। তাদের অ্যাটিচিউডটা কী সেটা আগে জানান।

[৫] বিএনপি ভোটে না এলে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমি বলেছি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কত দল নির্বাচনে অংশগ্রহণ করে সেটা দেখবেন। আমিই সব কিছু- একথা আমাদের কারোরই মনে করা ঠিক না। আমি এখনো চাই বিএনপি নির্বাচনে আসুক। ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। 

[৬] বিএনপির আন্দোলন কীভাবে মোকাবেলা করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবেই তাদের মােকাবেলা করা হবে। তবে তাদের আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে উদ্ভুত পরিস্থিতি বলে দিবে, করণীয় কী হবে। জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে, রাজপথে সতর্ক অবস্থানে আছি। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি আছে।  

[৭] তিনি আরো বলেন, শুনেছি বিএনপি ৩৬ দলের রূপরেখা নিয়ে একদফা আন্দোলন করবে। সেটি এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কত দল এখান থেকে কেটে পড়ে, সেটা দেখার বিষয়। কত দল শেষ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয়। আমরা খবর পেয়েছি, ক্ষমতার ভাগাভাগিতে কে কি পাবে- তা নিয়ে ৩৬ পার্টির মধ্যে দরকষাকষি চলছে।

[৮] আমাদের গণতন্ত্র পুরোপুরি ত্রুটিমুক্ত নয়- এ মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরো পথ পাড়ি দিতে হবে। আরো ২/৩টা নির্বাচন করতে হবে।

[৯] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুরা কেউ হস্তক্ষেপ করছেন না, কেউ কেউ পরামর্শ দিচ্ছেন। আমরা তাদের কথাবার্তা, ভালো পরামর্শ শুনবো। কিন্তু সংবিধানই আমাদের বিধান। কারো পরামর্শ বা প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয় এদেশেও সেভাবে হবে।

[১০] যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সব বিষয়ে তাদের সাথে আমাদের সম্পর্ক অটুট থাকবে। বন্ধুত্ব থাকবে, লেনদেন থাকবে। কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকতে পারে, সেটা বন্ধুত্বেরই অংশ।

[১১] দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানুষের কষ্ট হবে, এমন সব বাধা দূর করতে হবে- তা সিন্ডিকেট বা যাই হোক না কেনো। বাজারে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি হলে সেখানে সরকারের দায়িত্ব আছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা নিয়ে তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, এক সময় এটা আর লাগামছাড়া থাকবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব